সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শোকের মাসে যারা ভুয়া জন্মদিন পালন করে তারা জাতীয় ঐক্য করতে চায় না বরং নতুন সমস্যার সৃষ্টি করতে চায়।’
শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্রয় দিয়ে এদেশে প্রতিষ্ঠিত করেছে তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আমি বলবো আপনি যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন থেকে বিরত থাকুন; তারপর ভেবে দেখবো।’
রাস্তায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেদের উদ্দেশে তিনি বলেন, ঢাকার অধিকাংশ রাজপথ এখন নিয়মনীতি কঠোরভাবে মানা হয়। যারা নিয়মভঙ্গ করে গাড়ি চালান পথ চলেন তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। দয়া করে এটা করবেন না। বরং মানুষকে সঠিক পথে চলার জন্য আহ্বান করবেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারে সভাপতিত্বে পুরো আয়োজন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
