'জঙ্গি ও গুপ্ত হত্যাকারীদের রেহাই দেবেন না প্রধানমন্ত্রী'

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২১:৩৮
ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জঙ্গি, সন্ত্রাসকারী ও গুপ্ত হত্যাকারীদের রেহাই দেবেন না।’
 
জঙ্গি ও সন্ত্রাসীদের উস্কানিদাতাদের একইভাবে খুঁজে বের করা হচ্ছে উল্লেখ করে তিনি জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শুক্রবার ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারিতে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এ কথা বলেন। জঙ্গিবাদ রুখতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী শরীফ বলেন, 'জাল বিছিয়ে জঙ্গিবাদ, খুনি, চাঁদাবাজ, চোর ও ডাকাতদলের লোকদের ধরা হচ্ছে।'
 
তিনি বলেন, 'গুণ্ডামি, ভণ্ডামি, পেশী শক্তি আওয়ামী লীগ সরকারের মধ্যে থাকলে তাদেরও খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।' মন্ত্রী বেশি করে গাছ লাগিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।
 
ফলদ বৃক্ষমেলায় হরেক রকম ফলদ বৃক্ষ প্রদর্শন করা হয়। আমের মধ্যে রয়েছে- খিরসাপাত, গোপালভোগ, লকনা, ফজলি ও হাড়িভাঙ্গা। এছাড়া ওল, কতবেল, আমড়া, পাম বৃক্ষের প্রদর্শন উল্লেখযোগ্য।