তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সন্ত্রাসী, খুনিদের কেয়ারটেকার ও সিন্ডিকেট প্রধান। তিনি বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। দেশের সকল গুপ্তহত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্দেহের তালিকায় রয়েছেন। তার সঙ্গে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।
শুক্রবার খুলনার একটি অভিজাত হোটেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনার পিছনেও ঘটনা রয়েছে। আর তা হলো ৯৩ দিনের খালেদা জিয়ার আগুন সন্ত্রাস, হেফাজত ও বেগম খালেদা জিয়ার মদদে তান্ডব, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে খালেদা জিয়ার নেতৃত্বে হরতালের পর হরতাল করা হয়েছে। এতকিছুর পরও যখন ব্যর্থ, এখন তারা গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মদদ দিচ্ছে।
