ইউরোপের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ের চূড়ান্ত পর্ব থেকে ছিটকে পড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। সেরা তিনের তালিকায় তিনি ঠাই পাননি।
ইউরো শ্রেষ্ঠত্বের খেতাবের জন্য প্রস্তুতকৃত সেরা তিনের তালিকায় ঠাই পেয়েছেন রিয়াল মাদ্রিদের পতুর্গিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো, তারই সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল ও অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমনভাগের ফরাসি তারকা এন্টনি গ্রিজম্যান।
সর্বশেষ বছাইকৃত ১০ ফুটবলারের তালিকা থেকে সংক্ষিপ্ততম তালিকার প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ চারেও জায়গা হয়নি মেসির। তাকে হটিয়ে ওই আসনটি অলংকৃত করেছেন সতীর্থ লুইস সুয়ারেজ।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১১তম শিরোপা পাইয়ে দিয়ে এমনিতেই উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের অন্যতম ফেভারিটের আসনে বসে আছেন রোনালদো। পরে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে শিরোপা পাইয়ে দিয়ে ওই দাবীকে আরো সংহত করেছেন তিনি।
এদিকে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী দলের সদস্য বেলও তার দেশ ওয়েলসকে পৌছে দিয়েছেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শেষ চারে। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়া ফরাসি স্ট্রাইকার গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
উভয় ফাইনালে তিনি রোনালদোর দলের কাছে হার মানলেও সর্বোচ্চ ছয় গোল আদায়ের মাধ্যমে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত সেরার মুকুটটি মাথায় পুরেছেন।
উয়েফার সদস্য রাষ্ট্রগুলোর ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচনের জন্য প্রণীত শীর্ষ দশের তালিকা থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান না পাওয়াদের মধ্যে সুয়ারেজ ও গতবারের খেতাবধারী মেসি ছাড়াও বাদ পড়েছেন জিয়ানলুইজি বুফন, টনি ক্রোস, থমাস মুলার, ম্যানুয়েল নায়ার ও পেপে।
মনোনীত তিন ফুটবলারের মধ্য থেকে ভোটের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করবেন সাংবাদিকরা। আগামী ২৫ আগস্ট চ্যাম্পিয়ন্সলীগের ড্র অনুষ্টানের দিন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ততম তালিকা প্রণয়নের জন্য প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে চতুর্থ থেকে ১০ম স্থান পাওয়া
ফুটবলারদের তালিকা
লুইস সুয়ারেজ (বার্সেলোনা ও উরুগুয়ে) ২৯ পয়েন্ট
লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা) ২৫ পয়েন্ট
জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস ও ইতালি) ১৯ পয়েন্ট
পেপে (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল) ৯ পয়েন্ট
ম্যানুয়েল নায়ার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি) ৬ পয়েন্ট
টনি ক্রোস (রিয়াল মাদ্রিদ ও জার্মানি) ৫ পয়েন্ট
থমাস মুলার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি) ২ পয়েন্ট
