বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঐক্য করতে যাননি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাই নাই, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। চায়ের দাওয়াতে গিয়ে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি ঘর থেকে বের হোন। আপনার ঘরে সবাই আসবে আর আপনি বসে থাকবেন, সেটা হয় না। আপনিও অন্যের ঘরে যান।
শুক্রবার রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, আমাদের উপরে কোনোকিছু চাপিয়ে দিলে যেমন আমরা শুনব না, তেমনি তাদের উপরেও আমরা কিছু চাপিয়ে দেইনি, আমরা প্রস্তাব করেছি। আমি বলেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার ভালোবাসা। তাকে বাদ দিয়ে আমি রাজনীতি করব না। তাকে অবহেলা করে কেউ রাজনীতি করলে তার সঙ্গেও আমরা থাকব না। বঙ্গবন্ধুকে গালাগালি করা যাবে না। তার রাজনীতি নিয়ে যদি কোনো কথা হয়, নিশ্চয় তা করবেন এবং সেটা অবশ্যই রাজনীতির সীমায় থেকে।
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু ছাড়া রাজনীতি করব না, বঙ্গবন্ধুকে লালন করেই বেঁচে থাকব। খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছি, জামায়াতকে নিয়ে রাজনীতি করব না। বিএনপি নেত্রীকে জাতীয় নেতৃত্ব দিতে হলে প্রথম স্পষ্টভাবে বলতে হবে-জামায়াত আর জোটে নেই। বিএনপি চেয়ারপারসনকে ১৫ আগস্ট জন্মদিন পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের হূদয় চৌচির হয়ে গেছে। অঙ্গহানি হয়েছে, অঙ্গ ছেদন হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর ওইদিনে খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন হলেও তা পালন করা চলবে না এবং সেটা মানুষকে বলে করতে হবে। বলতে হবে, এই রকম একজন মহান নেতার মৃত্যুতে আমরা মর্মাহত, দুঃখিত। আমরা প্রস্তাব করেছি। তারা নিশ্চয় বিবেচনা করবে। তবে কখন করবেন, তারা জানেন।
