সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা ঘুরে আবার বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উত্তর গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে হেফাজতের ঢাকা মহানগরী আহবায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এতে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে, হত্যা-সন্ত্রাসে বিশ্বাস করে না। এজন্য আসুন, সব ধর্ম-মতের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
মাওলানা কাসেমী বলেন, মানুষের প্রতি জুলুম নির্যাতন, অহেতুক হয়রানী, ক্রসফায়ারের নামে মানুষ হত্যা, জঙ্গিবাদের ধুয়া তুলে ইমাম, খতিব ও মুয়াজ্জিন হত্যা এবং গ্রেফতার সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। তাই সব শ্রেণীর মানুষের প্রতি ইনসাফভিত্তিক ন্যায়-নীতি প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করা যেতে পারে। যতদিন দেশে শান্তি প্রতিষ্ঠিত না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, বস্তুতান্ত্রিক শিক্ষার কারণে দেশে সামাজিক অবক্ষয় ঘটেছে। সুশিক্ষা না থাকার কারণে তরুণরা বিপথগামী হচ্ছে। এজন্য বর্তমান শিক্ষানীতি-২০১০ ও খসড়া শিক্ষাআইন-২০১৬ বাতিল করে কুরআন-হাদীসের আলোকে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষা চালু হলেই হত্যা-সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ হবে।
