আবারো ধাক্কা খেল পাকিস্তানের সেনাবাহিনী। এবার ৩০ কোটি মার্কিন ডলারের অনুদান প্যাকেজ আটকে দিল আমেরিকা। সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা সন্তোষজনক নয়, মনে করছেন খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। তাই পেন্টাগনের সিদ্ধান্ত, এই বিপুল আর্থিক অনুদান এই মুহূর্তে পাকিস্তানকে দেওয়া অর্থহীন।
এর আগে এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানকে ৭০ কোটি মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা ছিল। মার্চ মাসে সেই অর্থও আটকে দেয় মার্কিন কংগ্রেস। ফলে মাত্র পাঁচ মাসের মধ্যে ১০০ কোটি ডলারের অনুদান হাতছাড়া হল পাক বাহিনীর।
কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএফএফ-এর আওতায় পাকিস্তানকে ৩০ কোটি ডলার দেওয়ার কথা ছিল আমেরিকার। যেসব সহযোগী দেশ জঙ্গি এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর জন্য অর্থ ব্যয় করে, তাদের সাহায্য করার জন্যই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তহবিল। পাকিস্তান দীর্ঘদিন ধরেই পেন্টাগনের কাছ থেকে এই সাহায্য পেয়ে আসছিল এবং তারাই এই তহবিল থেকে সর্বাধিক সাহায্যপ্রাপ্ত দেশ। কিন্তু যে পরিমাণ অর্থ এই দীর্ঘ সময়ে পাকিস্তানকে দেওয়া হয়েছে, জঙ্গি-বিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা ততটা উল্লেখযোগ্য নয় বলে আমেরিকা মনে করছে। তাই এই অনুদান আটকে দেওয়া হচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে। -আনন্দবাজার পত্রিকা।
