এক যুগ পর ওয়ার্নের রেকর্ড ভাঙ্গলেন স্টার্ক

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২১:১৭
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেরা বোলিংয়ের নতুন রেকর্ড করলেন পেসার মিচেল স্টার্ক। চলমান গল টেস্টে ৯৪ রানে ১১ উইকেট নিয়েছেন তিনি। ফলে ১২ বছর আগে লংকানদের বিপক্ষে করা শেন ওয়ার্নের সেরা ম্যাচ বোলিং ফিগারের রেকর্ডটি ভেঙ্গে গেলো।
 
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮ দশমিক ৪ ওভারে ৯৪ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন স্টার্ক। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ফলে ম্যাচে ১১ উইকেট শিকার নিয়ে রেকর্ড বইয়ে সবার উপরে নিজের নাম লেখান স্টার্ক।
 
এই তালিকায় ২০০৪ সাল থেকে সবার উপরে ছিলেন ওয়ার্ন। ১২ বছর আগে ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ দশমিক ২ ওভারে ১৫৫ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।
 
তৃতীয় সেরা ম্যাচ বোলিং ফিগারও ওয়ার্নের। ওই সফরেই গল টেস্টে ৫৭ দশমিক ৪ ওভারে ১৫৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।
 
ওয়ার্নের রেকর্ড ভাঙ্গা ছাড়াও, আরও একটি রেকর্ডের স্বাদ গড়েছেন স্টার্ক। শ্রীলংকায় সফরকারী পেসার হিসেবে সেরা ম্যাচ বোলিং ফিগারে পাকিস্তানের দুই সাবেক খেলোয়াড় ওয়াকার ইউনিস ও মোহাম্মদ আসিফের পাশে নাম লেখালেন স্টার্ক। শ্রীলংকার মাটিতে সেরা ম্যাচ বোলিং ফিগারের ক্ষেত্রে ১১টি করে উইকেট নিয়েছেন ওয়াকার ও আসিফ।
 
এছাড়া গল-এ পেসারদের মধ্যেও সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ডও গড়লেন স্টার্ক। তার আগে এই রেকর্ড দখলে ছিলো দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের। ২০১৪ সালে ৯৯ রানে ৯ উইকেট নিয়েছিলেন স্টেইন।