‘জলবায়ু পরিবর্তন জাতিসংঘের ষড়যন্ত্র’

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:১৩
অস্ট্রেলিয়ার একজন নতুন সিনেটর বলেছেন, জলবায়ু পরিবর্তনের ভয় দেখিয়ে জাতিসংঘ বিশ্বব্যাপী একটি অনির্বাচিত সরকার বানানোর চেষ্টা করছে। ব্যাংকাররা এই ষড়যন্ত্র রচনা করেছেন।
 
কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত সিনেটর ম্যালকম রবার্টস বলেন, জলবায়ু পরিবর্তনের জুজু দেখিয়ে অনির্বাচিত বৈশ্বিক সরকারের ভিত্তি তৈরি করছে জাতিসংঘ। এর আগে তিনি তার এক লেখায় বলেছিলেন, ব্যাংকারদের একটি চক্র বৈশ্বিক ঘটনাবলী এবং বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণে কাজ করছেন।
 
সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। সেসময় তিনি সিএসআরআইকে (কমনওয়েলথ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন) বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছিলেন।
 
তাকে প্রশ্ন করা হয়, আপনি কি বিশ্বাস করেন,জলবায়ু পরিবর্তনের ভয় দেখিয়ে বিশ্বজুড়ে একটি অনির্বাচিত সরকারব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? এর উত্তরে তিনি বলেন, 'অবশ্যই তাই। সেরকমই আমার বিশ্বাস।'
 
২০১১ সালে ম্যালকম তৎকালীন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের কাছে এক চিঠিতে লিখেছিলেন,কার্বন নিঃসরণ ট্যাক্স থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। কেননা তারা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নীতির শিকার। -বিবিসি
 
ইত্তেফাক/এএস