মেসিকে জোর করবেন না আর্জেন্টিনা কোচ

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৯:২৮
মেসিকে ফেরানোর ব্যাপারে কথা বলতে বার্সেলোনা যাচ্ছেন আর্জেন্টিনার নবনিযুক্ত কোচ এডগার্ডো বাউজা। তবে আন্তর্জাতিক ফুটবলে ফেরার জন্য তাকে জোর করবেন না বলে জানালেন বাউজা।
 
শুক্রবার বাউসা বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় আমি সবকিছু পড়েছি। আমি কাউকে বোঝাব না। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে মেসির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলা।’
 
গত জুনের শেষ সপ্তাহে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার কদিন পর কোচের পদ থেকে পদত্যাগ করেন জেরার্দো মার্তিনো। মার্তিনোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েই বাউসা জানান, সময়ের সেরা তারকা মেসিকে ফেরানোই তার প্রথম লক্ষ্য।
 
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি কদিন আগে বলেছিলেন, মেসি জাতীয় দলে ফিরবেন এবং রাশিয়া ২০১৮ বিশ্বকাপে খেলবেন।
 
মেসির আন্তর্জাতিক ফুটবলে ফেরার সম্ভাবনা নিয়ে ৫৮ বছর বয়সী বাউসা বলেন, “আমি আদৌ কারও সঙ্গে কথা বলিনি। আমরা দেখা করতে পারি কিনা তার জন্য আমি যোগাযোগ রাখতে চেষ্টা করব; যাতে আমি তাকে আমার পরিকল্পনা জানাতে পারি, আমার অভিজ্ঞতার কথা বলতে পারি। দেখব এই আলোচনার ফল কী হয়।’