দু’জন নারী পরিচ্ছন্ন কর্মীকে যৌন হয়রানির দায়ে অলিম্পিকে অংশ নিতে আসা মরোক্কোর এক বক্সারকে আটক করেছে ব্রাজিলের পুলিশ। শুক্রবার তাকে আটক করা হয়।
শনিবার গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবার এক ঘন্টার মধ্যেই পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কাসাবলাংকা থেকে আগত ২২ বছর বয়সী বক্সার হাসান সাদাকে এই অপকর্মের অভিযোগে পুলিশ কর্মকর্তারা আটক করেছে বলে পুলিশের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গত ৩ আগস্ট অ্যাথলেটিকস ভিলেজে অবস্থিত কক্ষ পরিষ্কার করার সময় ব্রাজিলের দুই পরিচ্ছন্ন কর্মীকে যৌন হয়রানি করা হয়েছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।’
পুলিশের উদ্বৃতি দিয়ে জি ওয়ান ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ‘সাদা ওই পরিচ্ছন্ন কর্মীদেরকে তার কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে তিনি তাদের গায়ে হাত দেন। যদিও শেষ পর্যন্ত ওই কর্মীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশের অনুরোধে ওই বক্সারকে দুই সপ্তাহের জন্য কারাগারে অন্তরীণ রাখার অনুমতি দিয়েছে আদালত। রিপোর্টে বলা হয়, এ সময় রুমে আরো দু’জন অ্যথলেট উপস্থিত থাকলেও এ ঘটনার সঙ্গে তারা নিজেদের জড়ায়নি।
