দিনাজপুরে ভিমরুলের হুলে ৩ বোনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২১:৪২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে বাড়ির পাশে খেলার সময় ভিমরুলের হুলে ৩ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা আহত হয়েছেন।
 
মৃত শিশুরা হলো- হাদিছা (৭), ফারজানা (৪) ও নয় মাস বয়সী মিম। তারা সবাই ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে। 
 
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দুই বোনের মৃত্যু হয়।
 
গুরুতর অসুস্থ ইসলামের স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিমকে (৮ মাস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ রবিবার মিমের মৃত্যু হয়।
 
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সুকুমার রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড় দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দুই মেয়ে মারা যায়। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে মিমি মারা যায়।
 
আরাজি লস্কর গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী বলেন, শনিবার বিকালে তিন বোন মিলে বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করছিল। এ সময় প্রচণ্ড বাতাসে বাঁশের ডালের ধাক্কায় চাক ভেঙে যায়। পরে ভীমরুল ছড়িয়ে পড়ে ওই শিশুদের আক্রমণ করে। শিশুদের চিৎকারে তাদের মা এগিয়ে গেলে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।
 
ইত্তেফাক/কেকে/এমআই