জঙ্গি নির্মূলে জাতি আজ ঐক্যবদ্ধ : যুবলীগ চেয়ারম্যান

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৬:৩৮
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রের এই ক্রান্তিকালে বিএনপির সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
 
তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবেই জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলা করা হবে। নির্মূল করা হবে তাদের অর্থ ও মদদদাতাদের। খুনিদের মদদদাতা বিএনপি-জামায়াতের সাথে কোনো ঐক্য হতে পারে না।
 
রবিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির ৬ নাম্বার গ্যালারীর অডিটরিয়ামে বঙ্গমাতা বেগম মুজিবের ৮৭জম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
 
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে দেশের আলেম-ওলামাসহ ১৬ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদের সাথে ঐক্য হতে পারে না।
 
তিনি বলেন, ইসলাম শান্তি, মানবতা ও প্রতিবাদের ধর্ম। এ ধর্ম মানুষ হত্যা কিংবা মানুষের হাত-পায়ের রগ কাটা সমর্থন করে না। তিনি দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির জন্য মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসার আহবান জানান।
 
তিনি বলেন, খুনিরা আজ চিহ্নিত। বঙ্গবন্ধু হত্যা এবং রাজাকারদের যেমন বিচার হয়েছে, তেমনি এই জঙ্গি এবং সন্ত্রাসবাদের গডফাদারদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, বিএনপির যেসব নেতারা বক্তব্য দিয়ে জঙ্গি সন্ত্রাসীদের উসকানি দিচ্ছে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
 
অনুষ্ঠানে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
 
এ সময় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আতাউর রহমান, এডভোকেট মোতাহার হোসেন সাজু, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, সম্পাদক ম-লীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড. সাজ্জাদ হায়দার লিটন, শ্যামল কুমার রায়, মিল্লাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী মিন্টু, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন, আশরাফুল ইসলাম দুলাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সভা পরিচালনা করেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।