সাঙ্গাকারার রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:৪৬
সুযোগ আগেও পেরেছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। কিন্তু এবার আর ভুল করলেন না কেন উইলিয়ামসন। নিজের ৫০তম টেস্টে ভেঙে ফেললেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারার রেকর্ড। সবচেয়ে কম ইনিংসে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতকের রেকর্ড গড়েছেন তিনি।
 
শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা  ইংল্যান্ডের বিপক্ষে ক্যান্ডিতে শতক করে তিনি চক্র পূরণ করেন ১১৪তম ইনিংসে। উইলিয়ামসনের লেগেছে ৯১ ইনিংস।
 
টেস্ট খেলুড়ে বাকি ৮ দেশের বিপক্ষে আগেই শতক করেছিলেন উইলিয়ামসন। বাকি ছিল কেবল জিম্বাবুয়ে। প্রথম টেস্টে ৯১ রানে আউট হওয়ায় সেবার আক্ষেপ নিয়ে ফিরতে হয়। এবার ফেরার আগে ১৫১ বলে খেলেছেন ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস। ২৬তম জন্মদিনের একদিন আগে নিউজিল্যান্ডের অধিনায়ক পেলেন ক্যারিয়ারের ১৪তম টেস্ট শতক।
 
তবে আবেগ নিজের ভেতরেই রাখতে অভ্যস্থ উইলিয়ামসন। রবিবার রেকর্ড গড়া ইনিংসের উদযাপনও ছিল সাদাসিধে। হেলমেট খুলে, সতীর্থ ও দর্শকদের অভিবাদনের জবাব দিয়েই তৈরি হয়ে গেলেন পরের বলটি সামলাতে। 
 
২০০২ সালে প্রথম ৯ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতকের কৃতিত্ব দেখান প্রোটিয়া ব্যাটসম্যান গ্যারি কার্স্টন। পরের বছর অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, ২০০৪ সালে টানা দুই টেস্টে ভারতের টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় সংখ্যাটা চারে নিয়ে যান। তাদের সবার চক্র পূর্ণ করা শতক আসে বাংলাদেশের বিপক্ষে।
 
২০০৫ সালে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের লারা টেস্ট খেলুড়ে ৯ দেশের বিপক্ষে শতক করেন। পরের বছর এক দিনের ব্যবধানে তাদের পাশে বসেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং। এই দুই জনই ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে শতক করেন।
 
২০০৭ সালে সাঙ্গাকারা, দুই বছর পর শ্রীলঙ্কার আরেক ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনে এই কৃতিত্ব দেখান। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ২০১৪ সালে পাকিস্তানের ইউনুস খান তাদের পাশে বসেন। এবার সব মিলিয়ে ত্রয়োদশ আর নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে চক্র পূর্ণ করলেন উইলিয়ামসন।