পুলিশের কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জঙ্গি আস্তানার জন্য আলোচিত কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং’ খ্যাত তাজ মঞ্জিলের মালিক মমতাজ পারভিন সহ ৫ জনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আসামিদের ১০ দিনের রিমান্ডের প্রেক্ষিতে শুনানি হয়।
সিএমএম ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম শুনানি শেষে প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অন্যরা হলেন, মমতাজের ছেলে মাজহারুল ইসলাম, জামাতা মাহফুজুল আনসার, বাড়ির কেয়ারটেকার মুমিন উদ্দিন ও জাকির হোসেন।
গত ১ আগস্ট মিরপুর থানার এসআই ফজলার রহমান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয় এবং শুনানির দিন ধার্য করা হয় রবিবার। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত)সাজ্জাদুর রহমান ইত্তেফাককে জানান, আসামীদের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গত ৩০ জুলাইও তাদের দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। রিমান্ড শেষে তারা কারাগারে ছিলেন।
গত ২৫ জুলাই ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ছয়তলা ওই ভবনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। পরদিন ভোরে সোয়াট সদস্যদের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি। অভিযানের দুই দিন পর ২৭ জুলাই বাড়িভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের নাম ঠিকানা যাচাই না করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার হন তাজ মঞ্জিলের মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ, ছেলে মাজহারুল ইসলাম এবং অন্য তিনজন।
ইত্তেফাক/এসএস
