যাকাত প্রদানকারী ও যাকাতের জমাকরা অর্থ থেকে কর অব্যাহতির দাবি জানিয়েছে সেন্টার ফর দ্য যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাত করে এ দাবী জানান সংস্থার চেয়ারম্যান নিয়াজ রহিম।
যাকাতের টাকায় দেশের বিভিন্ন জেলার ৫ হাজার পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করছে সিজেডএম। এই কার্যক্রম আরও জোরদার করতে সরকারের কাছে সহায়তাও চেয়েছে তারা।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, উপদেষ্টা এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের মহাসচিব এ কে এম নূরুল ফজল বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, তাদের কাছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যাকাতের টাকা বিতরণের জন্য আসছেন। যে পরিমাণ টাকা যাকাত দেওয়া হয় তাতে কর মওকুফ করা হলে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে যাকাত ফান্ডের অর্থ জমা রাখা ব্যাংকও কর কর্তন করে থাকে। তাই যাকাত দাতা ও সংস্থার অর্থ থেকে কর কর্তন না করার আহ্বান জানানো হয়। তারা বলেন, কর অব্যাহতির সুবিধা পেলে যাকাতের পরিমাণ বেড়ে যাবে।
তারা বলেন, বর্তমানে ২৫টি শিল্প গ্রুপ সিজেডএম-এর মাধ্যমে যাকাত বিতরণের প্রস্তাব দিয়েছেন। এই সুবিধা পেলে বছরে এক লাখ মানুষকে সহায়তা করা সম্ভব।
অর্থমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, এটি প্রক্রিয়ার ব্যাপার, সময় লাগবে। তবে সরকারি যাকাত ফান্ডের কেউ খোঁজ নেয় না, দ্যাট (যাকাত ফান্ড) ইজ ডেড।
