সেই জজ জাভেদকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২০:৩০
মাদক মামলায় বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী জজ জাভেদ ইমামের সাজা বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আদেশের কপি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
 
ফেনসিডিল বহনের দায়ে ২০১২ সালের পহেলা ডিসেম্বর নিউ মার্কেট থানায় জাভেদ ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় ২০১৩ সালের ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়। এই সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে জাভেদ ইমামকে বেকসুর খালাস দেয়।
 
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
 
প্রসঙ্গত ৩৪২ বোতল ফেনসিডিলসহ রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ২০১২ সালের ডিসেম্বর মাসে জাভেদ ইমামকে গ্রেফতার করে পুলিশ। যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন তিনি। এ সময় তার কাছ থেকে পুলিশ লাইসেন্স করা একটি পিস্তল উদ্ধার করে বলে মামলার এজাহারে উল্লেখ করে।
 
জাভেদ ইমাম ২০০৮ সালের ২২ মে সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়ার পর কুষ্টিয়া ও পরে যশোরের আদালতে কর্মরত ছিলেন। সর্বশেষ ভোলায় দায়িত্ব পালন করেন তিনি। এ ঘটনায় পরে তাকে চাকুরি থেকে বরখাস্ত করে সরকার।