সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন বাংলাদেশে হচ্ছে না।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে জুলাই ও আগস্টে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সভাও ঢাকা থেকে সরিয়ে নেয়া হয়।
বাংলাদেশে সম্মেলন না করার বিষয়টি সিপিএ সদরদপ্তরকে গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সিপিএ-এর চেয়ারপারসন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রবিবার বলেন, যেহেতু কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে, সেজন্য আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে সম্মেলন না করার বিষয়টি সিপিএ সদরদপ্তরকে গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি এবং ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতের পথে জঙ্গি হামলার পর অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করে।
