বিএনপির নতুন কমিটি নিয়ে নাসিমের মন্তব্য

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২১:০১
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার চার্জশীটভুক্ত আসামীরা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন।
 
তিনি বলেন, 'এটা কোন গণতান্ত্রিক দলের আচরণ হতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে।' নাসিম রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শাসসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে জেলার সর্বস্তরের কর্মকর্তাদের সাথে এক সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।
 
গত দুই দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি, চৌহালী, শাহজাদপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্নস্থানে বন্যা, নদী ভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বন্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ সভার আয়োজন করা হয়।
 
জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোঃ আনিসুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসূফ সূর্য, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরি প্রমুখ বক্তব্য রাখেন।
 
এসময় মোহাম্মদ নাসিম বলেন, 'রাজনীতিবিদ হিসেবে অন্য কোন দলের কমিটি গঠন নিয়ে সমালোচনা করা ঠিক নয়। তারপরও বলি বিএনপি'র কেন্দ্রীয় কমিটিতে আব্দুস সালাম পিন্টু, বাবরসহ বেশ ক'জন চার্জশীটভুক্ত আসামীর নাম কি ভাবে থাকে।'
 
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ বিতরণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রতি বছরই ন্যায় এই দুর্যোগকে সামাল দিয়ে দুস্থ অসচ্ছল বানভাসি মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। ইতি মধ্যে জেলার ৫ টি বন্যা প্লাবিত উপজেলায় ব্যাপক পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে। বানভাসি মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। খবর- বাসস।
 
ইত্তেফাক/ এস এস