রোমান্টিক ঘরানার গণ্ডি থেকে বেরিয়ে প্রথমবারের মতো অ্যাকশন ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রক্ত’তে তাকে অ্যাকশন হিরোইন হিসেবেই দেখবেন দর্শকরা। এরই মধ্যে ছবিটির ট্রেলার একটি গান রিলিজ পেয়েছে।
‘আমি ডানাকাটা পরী’ শিরোনামে ছবির একটি গান সম্প্রতি অনলাইনে রিলিজ পেয়েছে। দর্শকদের মাঝে সাড়াও ফেলেছে ভিডিওটি।
‘রক্ত’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে পরীমনিকে। অ্যাকশন চরিত্রে এবং সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসন্ন কোরবানির ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
এটি পরীমনির প্রথম কোনো যৌথ প্রযোজনার চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দর্শকরা আমাকে সচরাচর যেভাবে দেখতে পান এই ছবিতে অন্য এক পরীকে দেখবেন। নায়কদের অ্যাকশন চরিত্রে দেখা গেলেও নায়িকাদের অ্যাকশন ছবিতে খুব একটা দেখা যায় না। আশা করি আমাকে অ্যাকশন হিরোইন হিসেবে দেখে দর্শকদের ভালোই লাগবে।’
