কুমিল্লা শহরে অগ্নিকাণ্ড : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৩:১১
কুমিল্লা শহরের একটি বাসায় রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রেইসকোর্স এলাকার ব্যবসায়ী  কামাল হোসেনের একটি টিনসেড বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসায় তার এক ভাড়াটিয়া বসবাস করতেন।
ঘটনাস্থল থেকে মুঠোফোনে স্থানীয় বাসিন্দা সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন জানান, নগরীর রেইসকোর্স এলাকার চিশতিয়া মসজিদ সংলগ্ন ব্যবসায়ী কামাল হোসেনের মালিকানাধীন একটি টিনসেড ঘরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসে।
তবে এ ঘটনায় ওই পরিবারের আসবাব পত্র, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাড়ির মালিক কামাল হোসেন জানান, গ্যাসের চুলা কিংবা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।