ঢাকায় আসছে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৫:২৬
ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় আসছে ১৭ আগস্ট। 
 
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এই প্রতিনিধি দল ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ১৭ আগস্ট চার দিনের সফরে আসছে তারা। যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতে ব্যাক টু ব্যাক সিরিজ খেলবে। তাই ইংল্যান্ডের একটি প্রতিনিধি দল প্রথমে ভারত পরে বাংলাদেশ সফর করবে। 
 
এ সময় তারা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। তারা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।
 
আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয় বিসিবির। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে গতকাল রবিবার সচিবালয়ে এমন একটি বৈঠক হয়। যেখানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। মন্ত্রণালয়ের বৈঠক শেষে মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে ফিরে বিসিবির এই প্রধান নির্বাহী বলেন, ‘প্রত্যেকটি আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের কার্যক্রম হিসেবে আন্তঃমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে কিভাবে সিরিজটি আমরা সফলভাবে আয়োজন করতে পারি।’
 
 
ইত্তেফাক/কেকে