আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই বিদেশি অধ্যাপককে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র ও অন্যজন অস্ট্রেলিয়ার নাগরিক। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত দুইজনই আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান-এ কর্মরত ছিলেন। গেস্টহাউজের দিকে যাওয়ার সময় বন্দুকধারীরা তাদের অপহরণ করে।
আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা বন্দুকধারীরা ঐ দুই অধ্যাপককে দিয়ে গাড়িটি নষ্ট করায় এবং জোর করে তাদের নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়।
অস্ট্রলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা অপহরণের খবরের সত্যতা যাচাই করছে। এক বিবৃতিতে মন্ত্রণলায় বলেছে, নিরাপত্তার কারণে আমরা অস্ট্রেলিয়ার নাগরিকদের আফগানিস্তানে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, তারা মার্কিন নাগরিক অপহরণের কথা শুনেছে। এরপর তার কোন মন্তব্য করেনি পররাষ্ট্র বিভাগ।
চলতি বছর আফগানিস্তানে বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএস
