গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসির আদেশ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৬:৫৩
গাজীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মোছা. হাবিবা বেগমকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
সোমবার দুপুর দুইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত হাবিবা বেগম কালীগঞ্জ পৌর এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুরবাড়ি গ্রামের মেয়ে।
 
গাজীপুর আদালতের পিপি এড. হারিছ উদ্দিন আহমেদ জানান, প্রায় ১৫ বছর আগে জাকির হোসেনের সঙ্গে হাবিবার বিয়ে হয়। তাদের সংসারে নুসরাত জাহান সিনথিয়া (১১), হোমাইরা ওরফে ছামিরা (৬) ও মরিয়ম ওরফে সুমাইয়া (৩) নামে তিনজন কন্যা সন্তান রয়েছে। জাকির হোসেন জেলার কালিয়াকৈরের সফিপুরে যমুনা স্পিনিং মিলে স্টোর ইনচার্জ হিসেবে চাকরি করতেন এবং মিলের পাশে মোসলেম উদ্দিনের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকতেন। সংসারে অভাব অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাক্বিতণ্ডা হতো। ২০১৫ সালের ২৭ মে দিবাগত রাত নয়টার দিকে স্ত্রী হাবিবা কৌশলে রাতের খাবারের সঙ্গে স্বামী জাকিরকে ঘুমের ওষুধ খাওয়ায়। পর দিন সকাল পৌণে আটটার দিকে বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার সামনে অচেতন অবস্থায় স্বামী জাকির হোসেনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় উপস্থিত লোকজনের কাছে হাবিবা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।
 
এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ নভেম্বর অভিযুক্ত হাবিবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়ারত হোসেন।
 
ইত্তেফাক/এএসএমইউ