দেশব্যাপী দাবা খেলা ছড়িয়ে দিতে এবং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাঝে দাবা জনপ্রিয় করতে অনুষ্ঠিত হলো ‘ওয়ালটন ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা-২০১৬’।
সোমবার রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতায় স্কুলটির প্রায় দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে।
সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমান।
ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘মূলত এটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এটার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দাবার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কারণ, দাবা একটি সৃজনশীল খেলা। যা ছাত্র-ছাত্রীদের মেধাকে আরো শানিত করে। বৃদ্ধি করে তাদের সৃজনশীলতা। বুদ্ধিদীপ্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের ব্রত নিয়ে ওয়ালটন গ্রুপ এই ধরণের প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও সারাদেশ ব্যাপী এই কর্মশালা আয়োজন করার চেষ্টা করছি।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি গাজী সাইফুল তারিক, সহ-সভাপতি কেএম শহীদ উল্যাসহ অন্যান্যরা।
