সোনারগাঁও হোটেল বন্ধ না রেখে আধুনিকায়নের সুপারিশ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২০:৩২
 
রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বন্ধ না রেখে এর আধুনিকায়নের সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী চার মাসের মধ্যেই এই আধুনিকায়নের কাজ শেষ করার জন্যও কমিটি তাগিদ দিয়েছে।
 
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। প্রসঙ্গত, এর আগে আগামী ১৫ আগস্ট থেকে ৬ মাসের জন্য হোটেলের কার্যক্রম বন্ধ রেখে আধুনিকায়নের প্রাথমিক সিদ্ধান্ত ছিল।
 
এদিকে, সোনারগাঁও হোটেলের নানা অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটি আজ বৈঠকে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। উপ-কমিটির আহ্বায়ক তানভীর ইমাম প্রতিবেদনটি উপস্থাপনের পর এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান ইত্তেফাককে জানান, তদন্ত উপ-কমিটি সোনারগাঁও হোটেলের বর্তমান জিএম এলিরজ জে ম্যাকওয়ানের চাকরির মেয়াদ বৃদ্ধির সুপারিশ করলে সংসদীয় কমিটি এরসঙ্গে একমত পোষণ করে। এক্ষেত্রে উপ-কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মহল বর্তমান জিএমকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু তদন্তে বর্তমান জিএমের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি। বরং জিএম নিজে সার্বক্ষণিক একজন সাধারণ শ্রমিকের মত পরিশ্রম করছেন, যা প্রশংসনীয়। বৈঠকে অংশ নেয়া কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেননও এরসঙ্গে সহমত পোষণ করেন।
 

উপ-কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সোনারগাঁও হোটেলের আধুনিকায়নের জন্য একজন স্থানীয় পরামর্শক নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে চুক্তিপত্রে বলা হয়েছে-যতদিন আধুনিকায়নের কাজ শেষ না হবে ততদিন প্রতি মাসে তাকে ১৪ লাখ টাকা করে দেয়া হবে। এই কারণে আধুনিকায়নের চলমান কাজ ঢিলেতালে চলছে। এজন্য চার মাসের মধ্যেই কাজ শেষ করার তাগিদ দিয়েছে কমিটি। এছাড়াও তদন্ত প্রতিবেদনে হোটেলের সচিবের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য উল্লেখ করা হয়। বিশেষ করে, হোটেলের গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম পেয়েছে তদন্ত উপ-কমিটি।