ভারত থেকে বন্যায় ভেসে আসা হাতিটি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় অবস্থান করছে।
এদিকে তিনদিন চেষ্টার পর হাতি উদ্ধারে ব্যর্থ হয়েছে ভারতের তিন সদস্যের প্রতিনিধি দল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা রবিবার বিকালে দেশের উদ্দেশ্যে জামালপুর ত্যাগ করেছেন বলে জানান জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।
তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- আসাম প্রদেশের হাতি বিশেষজ্ঞ ও বন কর্মকর্তা শ্রী রিতেশ চন্দ্র ভট্টাচার্য্য, শ্রী কৌশিক বাড়ৈই এবং এ এস তালুকদার।
অপরদিকে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দলটি এখন হাতি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে বন পরিদর্শক ওসিম মল্লিক জানান।
সোমবার হাতিটি সরিষাবাড়ি উপজেলার কামারাবাদ ইউনিয়নের বড়বাড়ি ও পপুলার জুট মিলস এলাকার বাউসী ইজারাপাড়া এলাকার ঝিনাই নদী চরে ঘোরাফেরা করছে। শুকনো উচু স্থানে উঠার চেষ্টা করলে লোকজন হাতির ভয়ে চিৎকার শুরু করছে।
গত ৪০ দিন ধরে হাতিটি পানিতে বসবাস করায় শরীরে ঘা দেখা দিয়েছে। হাতিটি খাদ্য ও বিশ্রামের অভাবে দিন দিন দূর্বল হয়ে পড়েছে।
বন পরিদর্শক ওসিম মল্লিক জানান, দুই-একদিনের মধ্যে হাতিটি উদ্ধার করা সম্ভব হবে।
