সবচেয়ে বেশি দামে ম্যান ইউতে ফিরলেন পগবা

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৩:২৫
 
ট্রান্সফার মার্কেটের ইতিহাসে রেকর্ড গড়েই দলবদল করলেন ফ্রেঞ্চ সুপারস্টার পল পগবা। তার এই রেকর্ডের সাক্ষী হয়ে থাকল ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
 
ইতালিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর (৮৯ মিলিয়ন পাউন্ড) বিনিময়ে পগবাকে দলে ভিড়িয়েছে ইউনাটেড। পাঁচ বছরের চুক্তিতে বিনিময় অর্থ ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা না হলেও ব্রিটিশ গণমাধ্যম চুক্তির অর্থের পরিমাণ নিশ্চিত করেছে।
 
এর আগে ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে গ্যারেথ বেলকে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ২৩ বছর বয়সী পগবা। 
 
চুক্তি চূড়ান্ত করেই উচ্ছ্বসিত পগবা বলেছেন, ফুটবল থেকে যা কিছু অর্জনের আশা করেছি তার জন্য এটাই সঠিক ক্লাব। পুরনায় এখানে আসতে পেরে আমি দারুণ খুশি।  এটা এমন একটি ক্লাব যার জন্য আমার কাছে বিশেষ একটি স্থান আছে। হোসে মরিনহোর সাথে কাজ করার জন্য সত্যিকার অর্থেই মুখিয়ে আছি।
 
২০১২ সালেই এই পগবাকে জুভেন্টাসের কাছে কম অর্থে ছেড়ে দেয় ইউনাইটেড। এখন তাকে সবচেয়ে বেশি দামে কিনে নিল ক্লাবটি। 
 
এ্যালেক্স ফার্গুসনের অবসরের পরে ২০বারের ইংলিশ চ্যাম্পিয়নদের তিনটি বাজে মৌসুম কেটেছে। আর সে কারণেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরু দায়িত্ব এবার দেয়া হয়েছে মরিনহোর কাঁধে। তিনি বিশ্বাস করেন, ইউনাইটেডকে পুনর্জাগরিত করতে হলে পগবাই মূল হাতিয়ার হয়ে উঠতে পারেন। 
 
এ সম্পর্কে মরিনহো বলেছেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন পগবা। ভবিষ্যতের জন্য ইউনাইটেডকে তৈরী করার যে দায়িত্ব আমার ওপর পড়েছে তাতে পগবাই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। তার মধ্যে দ্রুততা আছে, সে যথেষ্ঠ শক্তিশালী ও গোল করার ক্ষমতা রাখে। তার থেকে বেশি বয়সী খেলোয়াড়দের থেকেও সে ম্যাচের পরিস্থিতি দারুণভাবে বুঝতে পারে।
 
খুব কম বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মেয়াদে পগবা মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে জুভেন্টাসকে টানা চতুর্থবারের মতো সিরি-আ শিরোপা ও ইউরোতে ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দেবার পরে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে আবারো ইউনাইটেডে ফিরে এলেন এই তারকা ফ্রেঞ্চম্যান।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস