অর্থ পরিশোধ হয়েছে কিনা জানতে শিল্প সচিবকে লিগ্যাল নোটিশ

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৫:২১
হাজারিবাগের ১৫৪ ট্যানারি মালিক জরিমানা বাবদ প্রতিদিন ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে কিনা তা আদালতকে অবহিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার শিল্প সচিব মোশারফ হোসেন ভু্ইয়াকে এ নোটিশ দেন  রিটকারী আইনজীবী এডভোকেট মঞ্জিল মোর্শেদ। নোটিশে বলা হয়েছে যে হাইকোর্টের নির্দেশে অর্থ পরিশোধ সংক্রান্ত তথ্য ৩৮ ঘণ্টার মধ্যে আদালতে এফিডেফিট আকারে দাখিল করা না হলে মামলা দায়ের করা হবে।
 
প্রসঙ্গত, গত ১৬ জুন হাইকোর্ট ১৫৪ ট্যানারি মালিকের প্রত্যেককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেন। হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় এ জরিমানা করা হয়।
 
পরে ট্যানারি মালিকরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে। গত ১৮ জুলাই প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীণ আপিল বিভাগ প্রত্যেক ট্যানারি মালিক ৫০ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে পরিশোধ করার নির্দেশ দেন।
 
দৈনিক ইত্তেফাক/এমএইচ