ইংল্যান্ডে জন্মগ্রহণকারী অভিজ্ঞ ফুটবল কোচ পল স্মলি নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টারের দায়িত্ব। তার কাজ হবে অন্যান্য দেশের মতো ফুটবএল উন্নয়নমূলক কাজ সমন্বয় করা।
সোমবার সকালে ঢাকা এসেই বাফুফের কাছে দায়িত্ব গ্রহণের কথা জানান তিনি। তবে আনুষ্ঠানিক চুক্তি দুই-একদিন পরই হবে।
স্মলি বলেন, ‘এটিতো জানা কথা বাংলাদেশ প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো থেকে অনেক পিছিয়ে। তবে এজন্য বসে থাকার তো কিছু নেই। আমার কাজ হচ্ছে এসব প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো যে ধারায় তাদের উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, সেগুলো বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করা। এজন্য ফিফা -এএফসির সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং সেগুলো তারা বাংলাদেশকে দেবে বলে আমি মনে করি।’
টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিরেক্টার বলতে কী বোঝায় তার ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ‘স্ট্র্যাটেজিক ডিরেক্টার বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশ ফুটবলের বিভিন্ন উপাদান যেমন জাতীয় দল, মহিলা ফুটবল, যুব ফুটবল, একাডেমি, ফুটবল লিগ-এসবের মাঝে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার দায়িত্ব। তিনি সবকিছু সমন্বয় করে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এর আগে যেসব কাজ করা হয়নি সেগুলো করবেন। আমরা আশা করি এর ইতিবাচক ফল পাবো।’
নিজের পরিচিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি। পেশাদার ফুটবল খেলেছি এবং যুব পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলও খেলেছি। এরপর চার বছর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে কাজ করেছি। আমি সেই সময়ে ইংলিশ এফএ-তে ছিলাম, যখন তারা পরিবর্তনের জন্য বিভিন্নমুখী কর্মকাণ্ড চালিয়েছিল। এরপর আমি চলে যাই নিউজিল্যান্ড। কোরিয়া এবং অস্ট্রেলিয়ায় ফুটবল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি। ইংলিশ এফএ তে যখন কাজ করেছি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল অন্যান্য দেশগুলোর ভালো এবং ইতিবাচক কর্মকাণ্ডগুলো শনাক্ত করে তা ইংল্যান্ডে প্রচলিত করা। আমি আশা করি, বাংলাদেশেও তা করতে পারবো। তাই এশিয়ার অন্যান্য ফুটবল দেশগুলো ফুটবল উন্নয়নে যা করছে, তার ছাপ আমি বাংলাদেশে রাখতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘এরপর ইউরোপের দিকেও তাকাবো আমরা। সেখান থেকে কী ভালো জিনিষ আনা যায়, সেগুলো যাচাই-বাছাই করতে হবে। আমার কাজ হবে ফুটবল উন্নয়নে সকল উপাদানগুলো সমন্বয় এবং সন্নিবেশিত করা। এই কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং এবং সেটি গ্রহণ করতে মুখিয়ে আছি।’
ইংলিশ ক্লাব পোর্টস মাউথের যুব একাডেমির ডিরেক্টার, নিউজিল্যান্ডের টেকনিক্যাল ডিরেক্টার এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনিল ডিরেক্টার হিসেবে কাজ করা স্মলি বর্তমানে অস্ট্রেলিয়া বসবাস করছেন। অস্ট্রেলিয়ান জাতীয় লিগের অবকাঠামো তৈরি করেছেন তিনি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানে তার ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে।
নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন স্মলি বলেন, ‘শুধু ভালো খেলোয়াড় তৈরি করলে হবে না, ভালো কোচও তৈরি করতে হবে। আগামীতে এই দুটি বিভাগে উন্নয়ন করাই আমার প্রাথমিক লক্ষ্য। জাতীয় দলের উন্নয়ন অবশ্যই একটি বড় ব্যাপার। কারণ এটি মানুষকে ফুটবলমুখী করে। আপাতত এতটুকুই আমার লক্ষ্য। তবে ব্যাপক পরিকল্পনা অবশ্যই রয়েছে।’
