বোলিং পরীক্ষা দিলেন আরাফাত সানি

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:০২
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বোলিং পরীক্ষা দিলে টাইগার স্পিনার আরাফাত সানি। মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠের সেন্টার উইকেটে সামনে, পেছনে, ‍ডান এবং বাঁয়ে চারটি ক্যামেরার পাশাপাশি বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞদের তীক্ষ্ণ দৃষ্টির ‍সামনে বোলিং করেছেন আরাফাত সানি।
 
ভিডিও ধারণের তত্ত্বাবধানে ছিলেন বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলকালীন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন আরাফাত সানি।  এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাঁহাতি এই স্পিনার।
 
আরাফাত সানির ভিডিও ধারণের পুরো মুহূর্তটাকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। তাদের সঙ্গে ছিলেন বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি।
 
ক্যামেরার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সুর আরাফাত সানির কণ্ঠে। তিনি বলেন, ‘আমি আশাবাদী। সবাই আমাকে বলেছে বেশ ভালো হয়েছে। তবে এই সময়ে এটা নিয়ে আমি বলতে পারছি না। পুরো প্রক্রিয়া শেষে আসলে এ পরীক্ষার ব্যাপরে আমি বলতে পারবো।’
 
এদিকে বিসিবির অধীনে বোলিং পরীক্ষা দিয়ে সুসংবাদ পেয়েছেন তাসকিন আহমেদ। গত ৩১ জুলাই বোলিং পরীক্ষা দেন তাসকিন। সোমবার জানা যায় বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নেওয়া পরীক্ষায় পাস করেছেন জাতীয় দলের এই স্পিড স্টার। বিসিবির গ্রিন সিগন্যাল পাওয়ায় আইসিসির অনুমোদিত কোনও ল্যাবে চূড়ান্ত পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছেন এ তরুণ।