ডোপপাপীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের বিপক্ষে ফেলপস

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:৩৮
ডোপপাপীদের ক্রীড়াঙ্গনে ফের অংশগ্রহণের সুযোগ দেয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন অলিম্পিক সুপারস্টার মাইকেল ফেলপস। সোমবার তিনি বলেন, যারা ডোপিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছে, সে সব বিতর্কিতদেরকে ফের রিও অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে। অনেককেই এ বিষয়ে সরব থাকতে দেখেছি ঠিকই, কিন্তু এগুলো বাস্তবায়নের প্রয়োজন আছে।’
 
ডোপ বিতর্কে জড়িত রুশ সাঁতারু ইয়ুলিয়া ইফিমোভাকে রিও গেমসে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিৎ হয়নি বলে স্বদেশি মার্কিন তরুনী লিলি কিংয়ের মন্তব্যের সমর্থনে ফেলপস এ কথা বলেন। 
 
অলিম্পিকে রেকর্ড স্বর্ণ পদক জয়ী ফেলপস বলেন, ‘আমার দৃষ্টিতে ক্রীড়াঙ্গন হওয়া উচিৎ স্বচ্ছ। অথচ আমরা দেখছি একবার নয়, দুইদুইবার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া সাঁতারুরা এখনো গেমসে সাঁতার কাটার সুযোগ পাচ্ছে। বিষয়টি দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে। আশা করছি এ বিষয়ে কেউ কিছু করবেন।’