মরিনহোর অধীনে আরো ভালো খেলোয়াড় হয়ে উঠতে চান পগবা

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৯:২৫
ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর পল পগবা জানালেন তার লক্ষ্যের কথা। প্রিমিয়ার লিগ,চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি হোসে মরিনহোর অধীনে আরও ভালো খেলোয়াড় ও ভালো মানুষ হয়ে ওঠার সংকল্প এই ফরাসি মিডফিল্ডারের।
 
পাঁচ বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন ২৩ বছর বয়সী পগবা। চুক্তি অনুযায়ী জুভেন্টাসকে ১০ কোটি ৫০ লাখ ইউরো দেবে ইউনাইটেড। পগবার পারফরম্যান্স আর আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করবে আরও ৫০ লাখ ইউরো। গত মৌসুমে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় লুই ফন গালকে বরখাস্ত করে মরিনহোকে কোচের দায়িত্ব দেওয়া হয়। নতুন মৌসুম শুরুর আগে স্কোয়াড শক্তিশালী করতে এ পর্যন্ত চতুর্থ খেলোয়াড় হিসেবে পগবাকে দলে নিলেন পর্তুগিজ এই কোচ।
 
জুভেন্টাসের হয়ে চারবার সিরি আ জেতা পগবা জানান, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোর সঙ্গে আলোচনা তার ইউনাইটেডে যোগ দেওয়ার সিদ্ধান্তে মূল ভূমিকা রেখেছে। ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে পগবা বলেন, তার সঙ্গে আমি কয়েকবার কথা বলেছি এবং তিনি আমাকে শক্তি জুগিয়েছেন ও ইতিবাচক দিক দেখিয়েছেন। আমি চিন্তা করছিলাম, ‘কেন নয়’। আমি নিশ্চিত, তিনি আমার উন্নতি করাতে পারবেন, আমাকে আরও ভালো খেলোয়াড় ও ভালো মানুষ বানাতে পারবেন।
 
২০১২ সালে ফ্রি ট্রান্সফার ফিতে ইউনাইটেড ছেড়ে যাওয়া পগবা ওল্ড ট্রাফোর্ডে ফিরেই যত দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগ জয়ে লক্ষ্য স্থির করেছেন। একই সঙ্গে দলকে ইউরোপ সেরা করতে ও ব্যক্তিগত অর্জনের ঝুলিতে ব্যালন ডি অরও যোগ করার স্বপ্ন তার। ২০০৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ইউনাইটেডে যোগ দিয়ে তিন বছরের প্রথম মেয়াদে সমর্থকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন পগবা। দলটির ওই সময়ের কোচ অ্যালেক্স ফার্গুসনের পরিকল্পনায়ও ছিলেন না এই তরুণ প্রতিভা। 
 
অতীত ভুলে চিত্রপটে এবার ভিন্নতা আনতে চান পগবা। তিনি বলেন, আমি ফিরে এসেছি। আমার তর সইছে না তাদের খুশি করতে; তাদের দেখাতে যে আমি এখনও পল পগবা, তবে ভিন্ন আঙ্গিকে। আমি তাদের দেখাতে চাই, এখানে আমি মজা করতে আসিনি। আমি এখানে তাদের খুশি করতে এসেছি। গোল.কম।
 
ইত্তেফাক/এসএসএ