নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ মঙ্গলবার চীনের একটি শিপ ইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দু’টি যুদ্ধজাহাজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। চীনের উচাং শিপ ইয়ার্ডে আধুনিক করভেট ক্লাস যুদ্ধজাহাজ দুটি নির্মিত হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চীনে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে নাসিম আক্তার, চায়না শিপ বিল্ডিং এন্ড অফশোর কোম্পানির প্রেসিডেন্ট ইয়াং ঝিগাং, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চীনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
নির্মাণাধীন আধুনিক যুদ্ধজাহাজ (করভেট) দুইটির প্রতিটি দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ১১ মিটার। এর একেকটির ওজন প্রায় এক হাজার ৩৫০ টন। জাহাজ দুটি ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।
প্রতিটি জাহাজে মেরিটাইম হেলিকপ্টার বহনের জন্য হেলিপ্যাড, শত্রু জাহাজ ধ্বংসকারী সারফেস টু সারফেস মিসাইল, বিমান বিধ্বংসী সারফেস টু এয়ার মিসাইল এবং ৭৬ মিলিমিটার ও ৩০ মিলিমিটার আধুনিক গান থাকবে।
২০১৯ সালে যুদ্ধজাহাজ দুইটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
