পনের বছরেও শেষ হয়নি স্মৃতিসৌধের নির্মাণ কাজ

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ০১:১০
উপজেলার প্রাণকেন্দ্রে (উপজেলা পরিষদের পাশে) অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি প্রায় ১৫ বছর আগে নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু আজ অবধি এটির নির্মাণ কাজ শেষ করা হয়নি। মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার মধ্যে ফরিদপুর উপজেলায় সব চেয়ে বেশিসংখ্যক সাধারণ নিরীহ লোককে (প্রায় আটশ জন) পাক বাহিনী এ দেশীয় দালালদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে। তাদের স্মরণে ফরিদপুরে কোনো স্মৃতিসৌধ না থাকায় ২০০১ সালে তত্কালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান এ স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করেন। প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ টাকা ব্যয় করা হয়। কিন্তু পরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে হেরে যাবার পর তিনি কাজ আর এগুতে পারেননি। বর্তমানে এটি বিভিন্ন ব্যানার লাগানোর কাজে ব্যবহূত হচ্ছে। এলাকার লোকজন এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
 
বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম মোরশেদকে বলেন, স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শেষ করা উচিত। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ এগুনো যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার বলেন, স্মৃতিসৌধটির নির্মাণ কাজ করি করি করেও করা হচ্ছে না। উপজেলা পরিষদের আগামী মিটিংয়ে উপস্থাপন করে বরাদ্দ নিয়ে অল্প কিছু দিনের মধ্যেই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ করা হবে।
 
ইত্তেফাক / এ এন