সবাইকে আরো পেছনে ফেলে ফেলেপসের ২১তম সোনা!

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:৩৩
 
এমনিতেই অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের ক্ষেত্রে তার ধারাকাছে নেই কেউ। তারপরও নিজের রেকর্ডের ঝুলি আরো বাড়িয়ে চলেছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলেপস। ২০০ মিটার বাটারফ্লাইয়তে স্বর্ণ পদক জয় করার পরপর সতীর্থদের সঙ্গে জিতলেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর ঝুলিতে জমা পড়লো ২১টি স্বর্ণপদক!
 
গেমসের চতুর্থ দিনে বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া এই ইভেন্টে শেষ লেগে পানিতে ঝাঁপালেন ফেলপস। আগের তিন লেগে সতীর্থরা অনেকটাই এগিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্রকে। ফেলপস কিছুটা ক্লান্ত শরীর নিয়েও কোনো ভুল করেননি।
 
কনর ডুয়াইর, টাউনলি হাস, রায়ান লোকটি আর ফেলপসের সাঁতার শেষ করতে লেগেছে ৭ মিনিট দশমিক ৬৬ সেকেন্ড।
 
রুপা জেতা যুক্তরাজ্য দল সময় নিয়েছে সাত মিনিট ৩ দশমিক ১৩ সেকেন্ড। জাপানের সাঁতারুরা পেয়েছে তৃতীয় স্থান।
 
রিও অলিস্পিকে নিজের প্রথম সোনাটি ফেলপস পেয়েছিলেন দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এতে প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের চারটি আসরে সোনা জেতা হয়ে যায় তার। চতুর্থ দিনের নিজের প্রথম সোনাটি ব্যক্তিগত, ২০০ মিটার বাটারফ্লাইয়ে।
 
২০০৪ আর ২০০৮ অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতা ফেলপস লন্ডনে গত অলিম্পিকে হেরেছিলেন চ্যাড লে ক্লজের কাছে। হিসেবটা চুকিয়ে দিলেন এবার। দক্ষিণ আফ্রিকার ক্লজ হন চতুর্থ। এরপর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার পানিতে নেমে আবারও সোনা জিতে প্রমাণ দিলেন অফুরান প্রাণশক্তির।
 
অবসর ভেঙে পঞ্চম অলিম্পিকে এসেছেন এই জলদানব। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সী ফেলপসের ঝুলিতে এখন অলিম্পিকের ২১টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৫টি পদক!