হিলারির বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১০:১৪
 
লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে ২০১২ সালে হওয়া হামলায় নিহত শন স্মিথ ও টায়রন উডসের পক্ষে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন ঐ দুই সেনার পরিবারের সদস্যরা। এই হামলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন।
 
মামলায় তারা বলছেন হিলারি ক্লিনটন সেসময় তার ব্যক্তিগত ইমেইল ব্যাবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। স্মিথ ও উডস এর পরিবার মনে করছে অনিরাপদ ব্যক্তিগত ইমেইল বার্তা থেকে সেসময় মার্কিন কর্মকর্তাদের অবস্থান হয়ত ফাঁস হয়ে গিয়েছিলো। দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী। বেনগাজি কনসুলেটে ঐ হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
 
 
বেনগাজিতে মার্কিন কনসুলেটে ইসলামিক স্টেট গোষ্ঠীর করা হামলায় তখন মার্কিন রাষ্ট্রদূত সহ চারজন নিহত হয়েছিলো। এর আগে গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কমি ঘোষণা করেছিলেন যে ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে।
 
এ বিষয়ে করা এক তদন্ত কমিটি অবশ্য বলেছে হিলারি ক্লিনটন কূটনৈতিক নিয়ম নিতি লঙ্ঘন করেননি। তবে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় এই ইস্যুটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
 
মার্কিন কনসুলেটে ঐ হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট গোষ্ঠী যাতে আরো নিহত হয়েছিলেন তখনকার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স। তার বোন অ্যান স্টিভেন্স অবশ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাতকারে হিলারি ক্লিনটনের পক্ষে কথা বলেছেন। হিলারি ক্লিনটনের নির্বাচনী ক্যাম্পেইন টিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। তবে মামলাটি আদালত গ্রহণ করেছে কিনা, বা হিলারির বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে কিনা তা জানা যায়নি। বিবিসি।