আদালতে খালেদা জিয়া

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:৩৩
 
নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান তিনি।
 
এর আগে সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানের তার বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওয়ান‍া দেন তিনি।
 
তার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার জনসন রোড, ভিক্টোরিয়া পার্কসহ পুরো আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এদিকে, আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার আগে এজলাসকক্ষে হাজির হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী সিএসএফের সদস্যরাও। 
 
নাইকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১২ মামলায় তিনি আদালতে হাজিরা দেবেন। এরমধ্যে নাইকো দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের আদালতে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ঢাকার বিশেষ জজ-২ নম্বর আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে, রাষ্ট্রদ্রোহ মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।
 
এছাড়া ২০১৫ সালে হরতাল-অবরোধে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে ৮টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। একই থানায় অপর একটি নাশকতার মামলায় খালেদা জিয়া ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন সানাউল্লাহ মিয়া। 
 
 
ইত্তেফাক/কেকে