শ্রীলংকার ফাস্ট বোলিং ট্যালেন্ট বাছাই করবেন ভাস

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:৪৯
দেশের সবচেয়ে সফল পেস বোলার চামিন্ডা ভাসকে কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা। মূলত দলের স্পিন নির্ভরতা কমাতে তরুণ মেধাবী ফাস্ট বোলার খুঁজে বের করতে দায়িত্ব পালন করবেন ভাস। 
 
 
বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা বলেন, নিজ দেশে স্পিন সহায়ক পিচে হয়তোবা শ্রীলংকার ভালো রেকর্ড রয়েছে। তবে ভিন্নধর্মী পিচে ভালো ফল পেতে দলকে অবশ্যই উন্নতি করতে হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের বাইরে জয় পেতে আমাদের দলের উন্নতি ঘটাতে হবে। শুধুমাত্র টার্নিং উইকেটে নয়, অস্ট্রেলিয়ার মাটিতে সেখানকার ফাস্ট উইকেটেও জিততে হবে। 
 
রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার অসাধারণ নৈপুণ্যে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে কথা বলছিলেন ডি সিলভা। সফরকারীদের বিপক্ষে বিশাল জয় পাওয়া প্রথম দুই টেস্টে শ্রীলংকার ফাস্ট বোলাররা খুব একটা ভূমিকা রাখতে পারেননি। সম্প্রতি ইংল্যান্ড সফরেও ধুকতে হয়েছে শ্রীলংকার পেস বিভাগকে। সফরে কোন ফর্মেটে কোন ম্যাচেই জয়ের মুখ দেখেনি লংকানরা। 
 
ডি সিলভা বলেন, ২০০৯ সালে শ্রীলংকার হয়ে শেষ ম্যাচ খেলার আগে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ৭৫৫ উইকেট শিকার করা ভাসের দায়িত্ব হবে পুরো দেশ থেকে ফাস্ট বোলিং ট্যালেন্ট খুঁজে বের করা। ডি সিলভা বলেন, ভাস একটা দায়িত্ব নিতে মুখিয়ে আছে। তৃণমূল পর্যায় থেকে আমাদের কিছু তরুণ পেসার খুঁজে বের করাটা সত্যিই খুব ভালো হবে বলে আমরা মনে করছি। 
 
তিনি আরো বলেন ‘৪২ বছর বয়সী সাবেক এ তারকা সমগ্র দেশ ঘুরে তরুণদের চিহ্নিত করবে এবং বিভিন্ন দলের সঙ্গে কাজ করবে ও শীর্ষ পর্যায়ে খেলানোর জন্য স্কোয়াড প্রস্তুত করবে। ইতোপূর্বে ২০১৩-১৫ পর্যন্ত শ্রীলংকার বোলিং কোচের দায়িত্ব পালন করা ভাস নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড দলেও একই দায়িত্ব পালন করেছেন।
 
দলের ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাসকেও নিয়োগ দিয়েছে শ্রীলংকা। ক্রিকবাজ।
 
ইত্তেফাক/এসএসএ