রাজশাহীতে ২ বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:৩৭
রাজশাহীর কাপাশিয়া এলাকায় দুই বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
 
বুধবার দুপুর ১২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- নগরীর কাজলা বৌ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম পলাশ (২৬)। তারা রাজশাহীর বিকাশ এজেন্ট মেসার্স ওমর এন্টারপ্রাইজের কর্মচারী।
 
মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে ওই দুই বিকাশকর্মী টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বানেশ্বরের আইএফআইসি ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাপাশিয়ার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে তিনজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলে ধাওয়া করে পেছন থেকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা রবিউল পড়ে যান। এরপর চালক পলাশের পায়ে গুলি করা হয়। এ সময় তিনিও মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা রবিউলের কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
 
এ ঘটনার পর স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।