জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২২:৪৬
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৪ জন পুলিশ সদস্যদের পরিবারকে ৭০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
 
এ উপলক্ষে বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, 'গুলশান ও শোলাকিয়ায় পুলিশ জীবন দিয়ে জঙ্গিদের মোকাবেলা করেছে। দেশমাতৃকার সেবায় তাদের এই আত্মত্যাগ আমাদের মনোবলকে আরো সুদৃঢ় করেছে।'
 
এ দেশে জঙ্গিদের স্থান নেই উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, 'আমরা সকলকে সাথে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করবো। দেশকে জঙ্গি মুক্ত করবো।' নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ প্রধান বলেন, 'তারা জননিরাপত্তা নিশ্চিত করতে জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করেছেন। বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে তাদের অবদান স্মরণ রাখবে।'
 
নিহতদের পরিবারবর্গকে সান্ত্বনা দিয়ে আইজিপি বলেন, 'জীবনের মূল্য আর্থিক অনুদানের মাধ্যমে পরিশোধ করা যায় না, তবুও আমরা সামান্য আর্থিক অনুদান দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা কখনো নিজেদের একা ভাববেন না, আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।'
 
আইজিপি নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদানের জন্য মধুমতি ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের মানবিক সহায়তার জন্য সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
উল্লেখ্য, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম এবং ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন খান নিহত হন। এ ছাড়া, গত ৭ জুলাই পবিত্র ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতস্থলের নিরাপত্তা দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় কিশোরগঞ্জ জেলার কনস্টেবল আনছারুল হক ও কনস্টেবল জহিরুল ইসলাম নিহত হন।
 
ইত্তেফাক/এসএস