বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি হতে যাচ্ছে ‘বেওয়াচ’। এখনো মুক্তি পায়নি ছবিটি। কিন্তু এর মাঝেই ছয়টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।
যেখানে বহু অভিনেতা-অভিনেত্রীরা হলিউড ছবিতে অভিনয় করার জন্য মরিয়া সেখানে প্রিয়াঙ্কা এই অবস্থান নিলেন কেন? এই বিষয়ে প্রিয়াঙ্কার উত্তর,আমি বেশ কিছু বলিউড ছবি করতে যেমন রাজি হইনি, তেমনি হলিউডের ছয়টি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। আমি বছরে বলিউড এবং হলিউডের জন্য একটি করে ভালো ছবি করতে চাই। আমার পরিচয় শুধুমাত্র অভিনেত্রী নয়, একজন শিল্পীও। হলিউডে সাফল্য পেলেও বলিউডে কাজ করা আমি ছাড়তে পারব না।
হলিউডে 'কোয়ান্টিকো' ধারাবাহিকের সাফল্যের পর থেকে প্রিয়াঙ্কার ব্যস্ততা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। বছরের অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হয়। তাই তিনি জানিয়েছেন, হিন্দি ছবির কাজ কিছুটা কমিয়ে বছরে একটি করে ভাল কাজ করতে চান। কমেডি, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের ছবির প্রস্তাব একসঙ্গে আসলেও চিত্রনাট্যের মধ্যে সৃজনশীলতার অভাবে কখনও কখনও হতাশ বোধ করেন প্রিয়াঙ্কা । তাই বছরে একটি করে ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'বেওয়াচ' মুক্তি পাবে ২০১৭ সালে। খবর: ওয়ান ইন্ডিয়া।
