বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীর কারাদণ্ডাদেশ

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:১৯
সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে চার বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন গাইবান্ধার দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক ময়নুল হাসান ইউসুফ।
 
একই সঙ্গে প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ১৬ বিএনপি-জামায়াত নেতাকর্মীর মধ্যে ১৩ জন পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন ও সাবাকাত হোসেন। এ তিনজনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
 
 
অন্যদিকে পলাতক আসামিরা হলেন- বিএনপি নেতা মুসা কালী মুল্লাহ্, ছামিউল ইসলাম, মতিয়ার পারভেজ, শরিফ জাহান স্বরণ, জামায়াত নেতা নুরুল ইসলাম, খাদেমুল ইসলাম, এনামুল, নুরুন্নবী, নবীনুর, ইমরান, সোহবার হোসেন, জাহাঙ্গীর মিয়া ও ইমতিয়াজ।
 
দ্রুত বিচার ট্রাইব্যুানাল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রেজা মিয়া জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর দেলওয়ার হোসেন সাঈদির ফাঁসির রায়কে কেন্দ্র করে আসামিরা সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ফতেখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সৈয়দ আবু নাসের মিরান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।