শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'খাদ্যে ভেজাল প্রতিরোধে বর্তমান সরকার জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনি কাঠামোও জোরদার করেছে।'
তিনি বলেন, 'বায়ু দূষণ ও খাদ্যে ভেজালের কারণে বাংলাদেশের মানুষ বেশি রোগাক্রান্ত হচ্ছে। ভোক্তা পর্যায়ে ভিটামিন 'এ' সমৃদ্ধ ভোজ্য-তেলের সরবরাহ নিশ্চিত করতে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এবং এ বিষয়ক বিধিমালা-২০১৫ প্রণয়ন করা হয়েছে।'
আমির হোসেন আমু বৃহস্পতিবার 'বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ' শীর্ষক একটি প্রকল্পের আওতায় নির্বাচিত ভোজ্যতেল রিফাইনারিগুলোর কাছে আই-চেক ক্রোমা মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ্ড নিউট্রেশন'র (জিএআইএন) সহায়তায় শিল্প মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে।
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এম আরটি এগ্রো প্রোডাক্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, বিএসটিআই'র মহাপরিচালক ইকরামুল হক, বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক লুৎফর রহমান তরফদার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ্ড নিউট্রেশন'র বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ বক্তৃতা করেন।
'এক সময় বাংলাদেশের জনগণ প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত খাদ্য ও ভোজ্যতেল ব্যবহার করায় রোগ-ব্যাধি কম ছিল।' উল্লেখ করে মন্ত্রী বলেন, "বর্তমানে হাইব্রিড ফসল ও পরিশোধিত ভোজ্যতেল ব্যবহারের ফলে রোগ-বালাই বেড়ে যাচ্ছে। তা মোকাবেলায় দেশে পরিশোধনের পাশাপাশি আমদানিকৃত ভোজ্যতেলেও পরিমিত পরিমাণে ভিটামিন 'এ' নিশ্চিত করা হবে।"
আমির হোসেন আমু বলেন, 'এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। যতবেশি সুস্থ-সবল ও শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলা সম্ভব, দেশ তত এগিয়ে যাবে।'
