রেকর্ড গড়েই ২২তম স্বর্ণ জিতলেন ফেলপস

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০৯:৫৪
আরেকটি অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মাইকেল ফেলপস। অলিম্পিক সাঁতারে পদক জয়ের প্রায় সব রেকর্ড করে ফেলা এই সাতারু ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সবার আগে দেয়াল ছুঁয়ে পেয়ে গেলেন অলিম্পিকের ২২তম স্বর্ণপদক! আর এর মধ্য দিয়ে টানা চার আসরে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
 
অলিম্পিক ইতিহাসে আর কোনো সাঁতারু কোনো ব্যক্তিগত ইভেন্টে টানা চারটি সোনা জিততে পারেনি।
 
রিও গেমসের ষষ্ঠ দিনে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ১ মিনিট ৫৪.৬৬ সেকেন্ডে সাঁতার শেষ করেন। শুরুর দিকে বেশ পিছিয়ে থাকা জাপানের কোসুকে হাগিনো (১ মিনিট ৫৬.৬১ সেকেন্ডে) রুপা ও চীনের ওয়াং শুন (১ মিনিট ৫৭.০৫ সেকেন্ডে) ব্রোঞ্জ জিতেছেন।
 
৩১ বছর বয়সী ফেলপসের রিও অলিম্পিকে দুটি ব্যক্তিগত ও দুটি দলীয় সোনা জেতা হলো। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।
 
অলিম্পিকের সব ক্রীড়া মিলিয়ে ব্যক্তিগত কোনো ইভেন্টে টানা চারটি সোনা আছে আর দুই জনের। দুইজনই ফেলপসের স্বদেশি। লং জাম্পে কার্ল লুইস আর ডিসকাস থ্রোতে অ্যাল অর্টার।