আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায় জানানোর বিষয়টা এখনো মানতে পারছেনা বিশ্ব। অবসরের পরপরই তাকে ফেরানোর চেষ্টা করছেন ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টাইন প্রেসিডেন্টও। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছেনা। এবার ম্যারাডেনা বললেন, মেসি হয়তো আন্তর্জাতিক জার্সি আর গায়ে জড়াবেন না।
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা মেসির অবসর নেওয়ার পরপরই তাকে আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। আর্জেন্টাইন নতুন কোচ বাউজা মেসির অভিমান ভাঙ্গিয়ে জাতীয় দলে আবারো ফেরানোর জন্য বর্তমানে মেসির ক্লাব বার্সেলোনায় অবস্থান করছেন। তাতে, মেসি ভক্তরা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন।
ম্যারাডোনা জানান, ‘সম্ভবত মেসি বাউজাকে “না” জানাবে। এটা অবশ্য একান্তই আমার ধারণা। আমি ভুলও হতে পারি। কিন্তু, আমার বিশ্বাস মেসি আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে না।’
মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরবেন না এমনটি জানিয়ে ম্যারাডোনা আরও জানান, ‘মেসির না ফেরার কারণ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের দুর্বল নেতৃত্ব। আমরা খুবই খারাপ অবস্থায় আছি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার না যাওয়ার ঝুঁকিও আছে। এমন দুর্বল নেতৃত্বের ফুটবল ফেডারেশন আমি কখনোই দেখিনি।’
