সোনালী ব্যাংক, খুলনা জিএম অফিসের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহানগরীর নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শামীম ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মজিবুর রহমান সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক থাকাকালে তার নামে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা হয়। ওই মামলায় তিনিসহ ৩ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকের নামে ভুয়া লোন দেখিয়ে উক্ত টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠলে দুদক তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তকালে যাদের নামে লোন নেয়া হয়, তাদের সাথে কথা বলে জানা যায়, তারা লোন নেয়ার বিষয়টি জানেন না। এরপর এ ঘটনায় মামলা দায়েরসহ তদন্ত শুরু হয়।
দুদক খুলনার কোর্ট জিআরও মোকলেসুর রহমান জানান, আসামিকে গতকাল শুক্রবার আদালতে আনা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
