রিওতে নিজেকে ছাড়িয়ে গেলেন মাহফিজুর

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:৫১
রিও অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করলেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর।  শুক্রবার ২৩.৯২ সেকেন্ড সময় নিয়ে পাঁচ নম্বর হিটে পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৪:০২ সেকেন্ড।
 
বাংলাদেশের সেরা সাঁতারু সাগরের এটি টানা দ্বিতীয় অলিম্পিক। ২০১২ সালে সাগর লন্ডনে ২৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে ৫৮ জন প্রতিযোগীর মাঝে ৩৯তম হয়েছিলেন, নিজ হিটে হয়েছিলেন চতুর্থ।
 
এই ইভেন্টে প্রথম হয়েছেন ইউক্রেনের আন্দ্রিল গভোরভ। তার টাইমিং ছিল ২১:৪৯ সেকেন্ড। সাগরের হিটের সেরা সময় ছিল ২৩.৬৬ সেকেন্ড, এ সময় নিয়ে সাঁতার শেষ করেন সেনেগালের আবদুল খাদরে এমবায়ি।
 
পুরুষদের মোট ১১টি হিটের প্রথম স্থান অধিকারী ও বাকি সেরা পাঁচ টাইমিংয়ের সাঁতারুরা যাবেন সেমিফাইনালে। পরবর্তীতে সেখান থেকে আটজন লড়বেন পদকের জন্য।
 
শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশগ্রহণ করবেন বাংলাদেশের আরেক সাতারু সোনিয়া আকতার টুম্পা।