চলতি বছরে গৃহহীনদের জন্য ১০ হাজার ঘর-বাড়ি: ভূমি মন্ত্রী

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৯:১৭
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, 'চলতি বছরেই ১০ হাজার ঘর-বাড়ি গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।'
 
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০১৭ সালের মধ্যে আরও ৫০ হাজার ঘর-বাড়ি নির্মাণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রত্যেক গৃহহীনই ঘর-বাড়ি পাবে।'
 
ভূমি মন্ত্রী শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পরিষদ এ সেবা কেন্দ্রটি চালু করেছে।
 
দারিদ্র্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী'র যুদ্ধ ঘোষণা এবং তা মোকাবেলায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মন-প্রাণ দিয়ে কাজ করার জন্যও ভূমিমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
'প্রধানমন্ত্রী একটি মানুষকেও গৃহহীন ও ভূমিহীন রাখবেন না উল্লেখ করে শামসুর রহমান শরীফ বলেন, 'আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু এদেশে নয়, পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকারী এটি।'
 
বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ জনহিতৈষী কাজ। এজন্য তিনি এর আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় ভূমি মন্ত্রী বলেন, 'দেশের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত থাকলে এদেশ সোনার বাংলা হবে না।'
 
ইত্তেফাক/এসএস