যশোরে আত্মসমর্পণ করা ৩ ‘জঙ্গি’ কারাগারে

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:১১
 
যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এ মামলায় তাদের সহযোগী হিসেবে আরো চারজনের নামে মামলা দিয়েছে পুলিশ। মামলার বাদী ডিবির এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণ করা তিনজনকে শুক্রবার দুপুরে যশোর চিফ জুডিসিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল, শহরতলীর ধর্মতলা মোড় এলাকার আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ ও শহরতলীর কদমতলা এলাকার একেএম শারাফত মিয়ার ছেলে মেহেদী হাসান পাশা। এদের সাথে সহযোগী হিসেবে আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ঢাকার উত্তরা এলাকার মুসাব্বির, ঢাকার দক্ষিণখানের হারেজ আলী, যশোর শহরতলীর পুলেরহাটের মহিউদ্দিন, শহরতলীর আরবপুরের ফকরুল আলম তুষার।
 
প্রসঙ্গত, আত্মসমর্পণ করা তিনজন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন জঙ্গি সদস্যের আত্মসমর্পণের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
 

খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান সংবাদ সম্মেলনে বলেন, তিন জঙ্গি সদস্য ভুল পথে গেছে বুঝতে পেরেছে। তারা অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। এজন্য তারা পুলিশের সহায়তা চেয়েছে। আমরা তাদের আইনি সহায়তা দেব।